সিলেট নগরীতে মুখোমুখী সংঘর্ষ এড়াতে গিয়ে দু’টি বাসই খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে নগরীর এয়ারপোর্ট রোডের মালনিছড়া পুলিশ বক্সের পাশে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দু’টি বাসেই পর্যটক ছিল। এর মধ্যে একটি বাস ছিল সাদাপাথর পর্যটনের আর অপর বাসটি রাহাত এন্টারপ্রাইজের। বাস দু’টি বিপরীতমুখী পথে যাতায়াতের সময় প্রায় মুখোমুখী সংঘর্ষের উপক্রম হয়। তবে উভয় বাসের চালক সচেতন থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে দু’টি বাসের যাত্রীরাই রক্ষা পেয়েছে।
প্রথমে সাদাপাথর পর্যটনের বাসটি খাদে পড়ে যায়। আর রাহাত এন্টারপ্রাইজের বাসটির আংশিক খাদে আটকে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে, এতে ১০ জন যাত্রী আহত হন। তাদের ওসমানী মেডিক্যাল ও বিভিন্ন হাসতাপালে ভর্তি করা হয়েছে। তবে কেউ গুরুতর আহত হননি।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সহিদুর রহমান জানান, আহতদের উদ্ধার করা হয়েছে। সকলের অবস্থা স্বাভাবিক। কারো অবস্থা গুরুতর নয়। একটি বাস উঠানো হয়েছে। আরেকটি বাস এখন পর্যন্ত উঠানো যায়নি। তবে প্রচেষ্টা চলছে।



