কুষ্টিয়ায় দুই দফা দাবি পূরণ না হওয়ায় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর থেকে মালিক গ্রুপ ও মালিক সমিতির বাস চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। তবে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুরসহ কুষ্টিয়া-খুলনা, যশোর, রাজবাড়ী, ফরিদপুর, বরিশাল, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম জানান, বাস মিনিবাস মালিক গ্রুপের সাথে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের একটি বাসও অন্তর্ভুক্ত রয়েছে। মালিকেরা নানা সুযোগ সুবিধাদি গ্রহণ করলেও বাসের মালিক হিসেবে আমরা ন্যায্যতা পাচ্ছি না। তাই আমাদের দাবি ছিল বাস মালিকেরা যে সুবিধাদি পেয়ে থাকে আনুপাতিক হারে আমরা সেই সুবিধা পাওয়ার অধিকার রাখি। আমাদের বঞ্চিত করে মালিক সমিতির সকল সুবিধাদি ভোগ করবে এই বিষয়টি আমাদের সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারছে না বিধায় আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি।
মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক নজরুল ইসলাম ডাবলূ বলেন, বাস মিনিবাস মালিক সমিতিতে আমদের আরো একটি বাস অন্তর্ভুক্ত রয়েছে সেখানে আমরা আনুপাতিক হারে মালিক হিসেবে সকল সুবিধাদি পেয়ে থাকি তাহলে মালিক গ্রুপ আমাদের কেন বঞ্চিত করবে? আর আমাদের বাসটিকে খুলনা রুটে অনিয়মিত করা হয়েছে এই বাসটিকে নিয়মিত করতে হবে। দুই দাবিতে মালিক গ্রুপের সাথে আমাদের বৈঠক হয়েছে। এর আগে, গত ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেয়ার আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু দাবি না মানায় গতকাল শুক্রবার সকাল থেকে মালিক গ্রুপের বাস মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কাজী রফিকুর রহমান রফিক জানান, এক সপ্তাহ আগে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা দু’টি দাবির কথা জানায়। প্রথম দাবি, পরিবহন সংশ্লিষ্ট মালিকেরা যেসব সুযোগ সুবিধা পায় শ্রমিকদের একই সুযোগ সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত, শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে অনিয়মিত চলাচল করে সেটাকে নিয়মিত করার অনুমোদন দিতে হবে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসলে কোনো সুরাহা হয়নি ফলে তারা বাস চলাচল বন্ধ রেখেছে।
তিনি জানান, দু’টি দাবির কোনো ন্যায্যতা নেই তাই আমরা মানতে পারি নাই। শ্রমিক স্বার্থে যেকোনো দাবিকেই আমরা মালিকেরা গুরুত্ব বিবেচনায় আনতে পারি কিন্তু এই ধরনের দাবি মেনে নিলে মালিক এবং শ্রমিকদের মধ্যে কোনো বিভাজন থাকে না সেটা কি মালিকদের মেনে নেয়া সম্ভব?
কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আখতার হোসেন নয়া দিগন্তকে জানান, মোটর শ্রমিক ইউনিয়ন দু’টি দাবি দিয়ে বাস বন্ধ রেখেছে যা অমানবিক। দাবি দু’টি অবাস্তব তাই আমরা মানতে পারছি না।
তিনি জানান, আজ শনিবার বেলা ১১টায় পুলিশ সুপার আমাদের মালিকদের সাথে উদ্ভুত পরিস্থিতি নিয়ে বসতে চেয়েছেন আর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন আমাদের সাথে আগামীকাল (রোববার) বেলা ১১টায় জেলা প্রশাসনের সাথে বসার আহবান জানিয়েছেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান জানান, এ ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে আশা করি দ্রুত সমাধান হবে।
এদিকে, শ্রমিকদের ধর্মঘটের পরেও কুষ্টিয়া থেকে শুধুমাত্র ঢাকাগামী বাস এবং আন্তঃজেলা বাস চলাচল করছে।
আকস্মিক কোনো ঘোষণা ছাড়াই জেলাজুড়ে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রী সাধারণ। অনেককে বাসষ্ট্যান্ডে এসে বাস না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। আবার অনেককে বিকল্প ট্রেন অথবা সিএনজি, অটোতে করে যেতে দেখা গেছে। আজ (শনিবার) ভোর থেকেই একই অবস্থা দেখা গেছে। কুষ্টিয়ার মালিকানাধীন কোনো বাস কুষ্টিয়া থেকে কোনো রুটে ছেড়ে যায়নি।



