মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশী নাগরিককে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (৮মে) সন্ধ্যায় তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে মুরইছড়া চা-বাগান এলাকায় তাদের দেখতে পান স্থানীয়রা। পরে বিজিবিকে খবর দিলে তাদেরকে আটক করে ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের টহল দল।
আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার হাবুল দাস (৪৮), হাবুলের স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), কুলাউড়া উপজেলার গোপাল দাস (২৭), সদর উপজেলার মো: আল আমিন (৩৫) ও আল আমিনের স্ত্রী ফাতেমা বেগম (১৯)।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে মুরইছড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠায়।
কুলাউড়া থানার সাব ইন্সপেক্টর ফরহাদ মাতব্বর জানান, বিজিবির পক্ষ থেকে কোনো মামলা না দেয়ায় বিএসএফ কর্তৃক পুশইনকৃত ১০ জন বাংলাদেশীকে স্বজনদের জিম্মায় দেয়া হয়।



