শেরপুর-৩ আসনে নির্বাচন : কেন্দ্রগুলোতে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

প্রতি কেন্দ্রে ছয়জন করে পুলিশ ও ১৩ জন করে আনসার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। নির্বাচনে মোট এক হাজার ১৫০ জন পুলিশ, ১৬ প্লাটুন বিজিবি, ১৪টি র‍্যাবের টিমের ১৩৫ জন সদস্য, এক হাজার ৭০৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এ জে এম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর)

Location :

Sreebardi
উপজেলা পরিষদ থেকে কেন্দ্রে নেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
উপজেলা পরিষদ থেকে কেন্দ্রে নেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়।

আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) শান্তিপূর্ণ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন কর্মকতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, গত ৪ ফেব্রুয়ারি অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী নুরুজ্জামান বাদল। এ ঘটনায় একইদিন রাতে এই আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

তিনি আরো জানান, আগামীকাল ৯ এপ্রিল শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১২৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শেরপুর-৩ আসনে মোট ভোটার চার লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে শ্রীবরদী উপজেলায় দুই লাখ ৫২ হাজার ৬০৪ জন এবং ঝিনাইগাতী উপজেলায় এক লাখ ৬০ হাজার ৭৭৩ জন ভোটার প্রত্যক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রতি কেন্দ্রে ছয়জন করে পুলিশ ও ১৩ জন করে আনসার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। নির্বাচনে মোট এক হাজার ১৫০ জন পুলিশ, ১৬ প্লাটুন বিজিবি, ১৪টি র‍্যাবের টিমের ১৩৫ জন সদস্য, এক হাজার ৭০৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়াও ১৪ জন ম্যাজিস্ট্রেট, দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনের স্থানীয় ১৮ জন সরকারি কর্মকর্তা পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবেন।