রাজধানী ঢাকার মিরপুরের পল্লবীতে শিশু শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল চাইল্ড ফোরামের (এনসিএফ) আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কালনা-নড়াইল জাতীয় মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজকর্মী ও লেখক আব্দুল হামিদ ভূঁইয়া, নড়াইল চাইল্ড ফোরামের প্রধান নির্বাহী অধ্যাপক বেলাল সানী, লক্ষ্মীপাশা সঙ্গীত অ্যাকাডেমির সভাপতি, কবি ও লেখক বিএম লিয়াকত হোসেন, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, কাশিয়ানী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার চঞ্চল শেখ, প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস, সমাজকর্মী কাজী মুরাদুজ্জামান, সাংবাদিক কাজী ইমরান, তরুণ সমাজকর্মী মো: অনিক শেখ নয়ন, এনসিএফের সদস্য মো: আলামিন, মো: রাশেদুল ইসলাম, জেবুন নাহার মিলিসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু রামিসার ওপর যে পাশবিক নির্যাতন ও নৃশংসতা চালানো হয়েছে, তা কোনো সুস্থ সমাজ মেনে নিতে পারে না।
বক্তারা অবিলম্বে ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যাকারী সোহেল রানার ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একইসাথে দেশে শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান তারা।



