উলিপুরে উচ্ছেদ অভিযান, ৭০ শতক সরকারি খাস জমি পুনরুদ্ধার

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ৭০ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধার হওয়া জমির বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Ulipur
উলিপুরে উচ্ছেদ অভিযান, ৭০ শতক সরকারি খাস জমি পুনরুদ্ধার
উলিপুরে উচ্ছেদ অভিযান, ৭০ শতক সরকারি খাস জমি পুনরুদ্ধার |নয়া দিগন্ত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ৭০ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধার হওয়া জমির বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পরবর্তী সময় পর্যন্ত উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হাট এলাকায় পরিচালিত অভিযানে এসব জমি দখলমুক্ত করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২৪৬৮ ও ২৪৭১ নম্বর দাগভুক্ত জমির মোট ৭০ শতক জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রেখে সেখানে ছোট-বড় মিলিয়ে প্রায় ৬৮টি দোকান স্থাপন করা হয়েছিল।

উপজেলা ভূমি প্রশাসন জানায়, উদ্ধার হওয়া এই জমিতে হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আধুনিক অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছিল। ইতোমধ্যে দুটি হাট শেড নির্মাণ শেষ হলেও অবৈধ দখলদারদের বাধার কারণে বাকি কাজ বন্ধ হয়ে পড়ে।

পরবর্তীতে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুরো জায়গা প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে খাস জমিগুলো দখলমুক্ত না থাকায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। উচ্ছেদ অভিযানের পর দ্রুতই সেখানে আরো চারটি হাট শেড নির্মাণের কাজ শুরু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।