সীমান্তের লাখাট স্টেশন এলাকায় খাসিয়ার গুলিতে যুবক নিহত

গুলিবিদ্ধ হলে বাংলাদেশে নিয়ে আসার পরে মেডিক্যাল যাওয়ার পথে তার মৃত্যু হয়।

Location :

Sylhet
গুলিতে নিহত মিনহাজ
গুলিতে নিহত মিনহাজ |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাটের লাখাট সীমান্ত এলাকায় খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত যুবক গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।

তিনি ভারতীয় ব্যবসার সাথে জড়িত ছিলেন তবে ওই সময় কি কারনে তিনি সেখানে গিয়েছিলেন সেটি জানা যায়নি।

স্থানীয়রা বলছেন, নিহত যুবক লাখাটের স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করলে খাসিয়ার গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, ‘ঘটনা শোনার সাথে সাথে আমরা তার বাড়িতে যাই। তখন পুলিশ ও বিজিবিকে খবর দেই, পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।’

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্তে খাসিয়ার গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সাথে সাথেই গোয়াইনঘাট থানা পুলিশের সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করে পরবর্তী কার্যক্রমের জন্য সিলেট ওসমানী মেডিক্যালে পাঠানো হয়।’

সিলেট ৪৮ ব্যাটালিয়ন (বিজিবি) -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, ‘ভারতের অভ্যন্তরে এক কিলোমিটার ভিতরে চুরি বা অন্য কোনো অসৎ উদ্দেশে মিনহাজ সেখানে গেলে খাসিয়ার গুলিতে তিনি গুলিবিদ্ধ হলে বাংলাদেশে নিয়ে আসার পরে মেডিক্যাল যাওয়ার পথে তার মৃত্যু হয়। বিজির পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারী ও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।’