পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘দাখিল পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে শুধু ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে। ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।’
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে পাবনার ঈশ্বরদীতে পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসায় দাখিল পরীক্ষায় কৃতকার্য কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু তালেব মন্ডল বলেন, ‘ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আজগর ও পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ ইকবাল হোসাইন।
বিশেষ অতিথি অধ্যাপক আলী আজগর বলেন, ‘একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে নিজের পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মাদরাসার শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।’
বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর নৈতিক শিক্ষা একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।’
কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘এই সাফল্য ধরে রাখতে আরো বেশি অধ্যবসায়ী হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে।’
সভাপতির বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ ইকবাল হোসাইন বলেন, ‘শিক্ষার্থীদের এ অর্জন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শুধু ভালো ফলাফল নয়; জ্ঞান, নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলাই মাদরাসার মূল লক্ষ্য।’
ভবিষ্যতে শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মাদরাসা গভর্নিং বডির সদস্য মাওলানা জহুরুল ইসলাম খান, আশরাফুল আলম হেলাল, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে দাখিল পরীক্ষায় বিভিন্ন স্তরে কৃতিত্বের সাথে উত্তীর্ণ দুই শতাধিক শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।


