দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৪র্থ মেরিটে ভর্তি শেষে ১২০টি আসন ফাঁকা রয়েছে।
সোমবার (৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু হাসান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে দেখা যায়, ১২০টি আসনের মধ্যে ‘এ’ ইউনিটে আসন ফাঁকা রয়েছে ১৬টি, ‘বি’ ইউনিটে ৭৭টি, ‘সি’ ইউনিটে ১১টি, ‘ডি’ ইউনিটে ১৬টি ও আর্কিটেকচার বিভাগে আসন ফাঁকা রয়েছে দু’টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ২৩টি ডিগ্রির জন্য ২০২৬ শিক্ষাবর্ষের ৫ম ধাপের ভর্তি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য প্রার্থীদের আগামী ১০ মে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্ধারিত বুথে রিপোর্টিং করতে হবে। উল্লেখিত সময়ের পর আর কারো রিপোর্টিং নেয়া হবে না।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রিপোর্টিংকৃতদের মধ্যে থেকে ফাঁকা আসনসমূহে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা রিপোর্টিংয়ের দিনই সন্ধ্যা ৭টার মধ্যে ওয়েবসাইটে দেয়া হবে। বিষয়প্রাপ্তদের আগামী ১১ মে বিকেল ৪টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তি প্রক্রিয়া ও ভর্তির ধাপসমূহ পরবর্তীতে জানানো হবে।



