কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ কুখ্যাত সন্ত্রাসী ‘মিন্টু বাহিনীর’ প্রধান ইমাম হোসেন মিন্টুকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় কক্সবাজারে কোস্ট গার্ডের অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর হোয়ানক এলাকার কেরুনতলী সংলগ্ন পাহাড়ি আস্তানায় অভিযান চালায় কোস্ট গার্ডের একটি টিম। এ সময় ওই আস্তানা থেকে মিন্টুকে আটক করা হয়। পরে আস্তানায় তল্লাশি চালিয়ে পাঁচটি দেশীয় একনলা বন্দুক, নয়টি দেশীয় পিস্তল, একটি বিদেশী পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড তাজা গুলি, ১২ রাউন্ড তাজা কার্তুজ, চার রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, তিন লিটার দেশীয় মদ ও আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটক মিন্টুর বিরুদ্ধে মহেশখালীসহ বিভিন্ন থানায় ১৫টি ফৌজদারি মামলা রয়েছে। জব্দ আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় সন্ত্রাস, জলদস্যুতা, অবৈধ অস্ত্র তৈরি ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



