খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) ও জেএসএসের (মূল) সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় সেনা অভিযানে অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।
সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে খাগড়াছড়ি জোনের একটি সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাসদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা ফায়ার করে। পরে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
অভিযান শেষে সেনাবাহিনী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি চায়না রাইফেল, ২৭৪ রাউন্ড গোলাবারুদ, দুটি এফসিসি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করে।
সেনাসূত্র জানায়, এ ঘটনায় কোনো সেনাসদস্য হতাহত হননি এবং বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: খাদেমুল ইসলাম বলেন, ‘খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান দেয়া হবে না। জনসাধারণের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে এ ধরনের অভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
তিনি আরো বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে এবং সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম দমনে কঠোর অবস্থানে রয়েছে।’



