চৌগাছায় ৮০০ গ্রাম গাঁজা ও ৭২ পিস ইয়াবাসহ আটক ৪

আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মাদক মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Jashore
মাদকসহ আটকরা
মাদকসহ আটকরা |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় ৮০০ গ্রাম গাঁজা ও ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) তাদেরকে আদালতে পাঠানো হয়।

থানা সূত্রে জানা যায়, সোমবার উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের বেলন-বিলে নুরুজ্জামানের মাছের ঘের এলাকায় অভিযান চালায় চৌগাছা থানার এস আই বেলাল হোসেন। এ সময় পুলিশ ইমরান হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেন তিনি। পরে তার নিকট থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ইমরান হোসেন উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের দিঘড়ী গ্রামের মরহুম মুক্তার হোসেনের ছেলে।

আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় একটি মামলা হয়েছে।

এর আগে রাতে চৌগাছা থানা পুলিশের এস আই সলিমুল হকের নেতৃত্বে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগন্নাথপুর সড়কের বকুলতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফাহিম হোসেন ওরফে আবু তালেবকে (২৭) আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ফাহিম হোসেন জগন্নাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার এসআই হোসেন পাটওয়ারীর নেতৃত্বে পৌর শহরের কুটিপাড়া মোড় এলাকা অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা গ্রামের উত্তর পাড়ার তাহাজ্জেল বিশ্বাসের ছেলে সোহান হোসেন (২২) ও পৌর শহরের কুঠিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাহিদ হাসানকে (৩০) আটক করা হয়। পরে তাদের নিকট থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা করা হয়েছে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, ‘আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মাদক মামলা করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’