তিস্তা মহাপরিকল্পনার জন্য ধৈর্য ও অপেক্ষা করতে বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘ইনশাআল্লাহ আমাদের পদ্মা ব্যারাজ হয়েছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি তো ছিল আমরা সরকার গঠন করলে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে গণমাধ্যমের সাথে কথা বলছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রংপুরে গণমাধ্যমের সাথে কথা বলছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ |নয়া দিগন্ত

যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন, তাই এই প্রকল্প বাস্তবায়ন হবে। তবে সেজন্য জন্য ধৈর্য্য ধরা ও অপেক্ষা করার কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সোমবার (১৮ মে) দুপুরে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায় উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি।

এর আগে তিনি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন। বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন ডিআইজি আমিনুল ইসলাম সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ।

পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সাথে। আলোচনায় আসে সদ্য একনেকে পাস হওয়া প্রায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ ও পাস না হওয়া তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গ।

এসময় প্রতিমন্ত্রী আজাদ বলেন, ‘আমাদের সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের তিনটি চ্যালেঞ্জ আছে। এই তিনটি চ্যালেঞ্জের মধ্যে একটি হচ্ছে ফারাক্কা, আরেক হচ্ছে পদ্মা ব্যারাজ, আরেকটা তিস্তা মহাপরিকল্পনা। ইনশাআল্লাহ আমাদের সরকারের কেবল তিন মাস গেল। আপনারা সময় দেন। দেখেন একটি মহাপরিকল্পনা, একটা ব্যারাজ বা একটা বাঁধ যদি আমরা নির্মাণ করতে যাই সেখানে আমাদের টেকনিক্যাল অনেকগুলো বিষয় আছে। পরীক্ষা-নিরীক্ষার বিষয় আছে। যাচাই বাছাই করার বিষয় আছে। আমরা সেইগুলো পর্যায়ক্রমে করছি।’

প্রতিমন্ত্রী আজাদ আরো বলেন, ‘ইনশাআল্লাহ আমাদের পদ্মা ব্যারাজ হয়েছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি তো ছিল আমরা সরকার গঠন করলে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। ইনশাআল্লাহ এটাও হবে।’

প্রতিমন্ত্রী আজাদ আরো বলেন, ‘যেহেতু আগামী ১১ ডিসেম্বর আমাদের ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে এবং সেই চুক্তি আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে করা ১৯৭৭ সালে, এখন পর্যন্ত যতগুলো ফারাক্কা চুক্তি হয়েছে, সেটাই ছিল সবচেয়ে আমাদের বাংলাদেশের জন্য ভালো ও গুরুত্বপূর্ণ। আমরা সেটার আলোকেই ফারাক্কা চুক্তির বিষয়ে আমরা বিভিন্নভাবে কথাবার্তা বলছি, আলোচনা করছি। সেভাবে সেটা বাস্তবায়ন করার করা হবে। এটা সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের।’

পাউবোর তথ্যানুযায়ী, ১০ বছর মেয়াদী তিস্তা প্রকল্পের প্রস্তাবিত ব্যায়ের পরিমাণ ১২ হাজার কোটি টাকা। প্রথম ধাপে ৯ হাজার ১১৫ কোটির মধ্যে ২ হাজার ৪১৫ কোটি টাকা নিজস্ব অর্থায়নে করার কথা জানিয়েছিল বিগত ইন্টেরিম সরকার। চলতি বছর ১ জানুয়ারি থেকে কাজ শুরুর ঘোষণাও দিয়েছিল তারা। কিন্তু এখনো সমীক্ষা আর পরীক্ষা-নিরীক্ষার মধ্যেই বন্দী দেশের সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রকল্প। নির্বাচনের আগে বর্তমান সরকারি ও বিরোধী দল ঘোষণা দিয়েছিল ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবেন তারা।

এর আগে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বলেন, ‘সন্তানদের শুধু চিকিৎসক ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডার নয়, প্রতিভা থাকলে খেলাধুলায়ও পারদর্শী করতে পারলে আর বেশি সাফল্য এনে দেয়া সম্ভব। তাই যে সন্তানের মধ্যে খেলার আগুন আছে তাকে খেলাধুলায় উৎসাহিত করুণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে এগিয়ে আসুন।’

প্রতিযোগিতায় দাবা, ব্যাডমিন্টন, ফুটবল, কাবাডি, ক্রিকেট ও সাঁতার বিষয়ে বিভাগের আট জেলা অংশ নিচ্ছে। ২০ মে সমাপনী দিনে মার্শাল আর্ট ও অ্যাথলেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রংপুর জেলা ক্রীড়া অফিসার।