যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ বলেছেন, ‘ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। আমি ভাই হিসেবে আপনাদের জন্য সামান্য কিছু উপহার এনেছি। ঈদের আনন্দ আমরা সবাই মিলে ভাগাভাগি করতে চাই।’
তিনি বলেন, ‘আমাদের ইচ্ছে অনেক কিন্তু সাধ্য সামান্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ঈদুল আজহার মূল শিক্ষা।’
মঙ্গলবার (২৬ মে) সকালে যশোরের চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত মানবিক সহায়তার অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, ‘সরকার সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।’
উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ, চৌগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের অর্থ সম্পাদক মাস্টার ইমদাদুল হক, জামায়াত নেতা মাওলানা শামসুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংবাদিক এম এ মান্নানসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর জামায়াতের আমির-সেক্রেটারিবৃন্দ ও ৪০০টি উপকারভোগী পরিবারের সদস্য।
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ৪০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তা প্রদান করা হয়। যাতে তারা ঈদ আনন্দ স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেন।



