আব্দুল হালিম

সরকার গণভোট বাস্তবায়নে টালবাহানা করলে মাঠে নামবে ছাত্র-জনতা

‘চার কোটি মানুষের রায় বাস্তবায়ন নিয়ে টালবাহানা করা হলে দেশের ছাত্র-জনতা আবারো রাজপথে নামবে।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুর মহানগর জামায়াতের রোকন সম্মেলন
রংপুর মহানগর জামায়াতের রোকন সম্মেলন |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘জনগণের দেয়া গণরায় কার্যকর না করে তা বাতিলের উদ্দেশ্যে সরকার কূটকৌশল অবলম্বন করছে। সরকার গণভোট বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা করলে আবারো মাঠে নামবে ছাত্র-জনতা।’

তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে আমরা বলেছিলাম নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। তারা বলেছিল একসাথে হলেও সমস্যা নেই। কিন্তু এখন ক্ষমতায় এসে তারা সেই প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে গণভোট বাস্তবায়ন না করে উল্টো তা বাতিলের কৌশল নিচ্ছে।’

শুক্রবার (১০ এপ্রিল) রংপুর মডেল কলেজ মিলনায়তনে মহানগর জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুল হালিম বলেন, ‘চার কোটি মানুষের রায় বাস্তবায়ন নিয়ে টালবাহানা করা হলে দেশের ছাত্র-জনতা আবারো রাজপথে নামবে।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক ভোটে অনিয়ম ও ফল পরিবর্তনের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় জামায়াতে ইসলামী সন্ধ্যায় এগিয়ে থাকার পর কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল বদলে গেছে। এতে মানুষের প্রত্যাশা ভেঙে গেছে এবং প্রশাসনের ওপর সন্দেহ তৈরি হয়েছে।’

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমির এ টি এম আজম খানের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আল আমিন হাসান, প্রচার সম্পাদক ও ‌ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, মাওলানা শাহজাহান সিরাজ প্রমুখ।