মিয়া গোলাম পরওয়ার

ক্ষমতার জন্য মানুষ হত্যাকারীদের হাতে জনগণের জান-মাল নিরাপদ নয়

সৎ লোকদের পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে। দেশের বড় বড় আলেমদের কারাগারে তিলে তিলে হত্যা করা হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Chandpur
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরওয়ার
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরওয়ার |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘৫ আগস্টের পরে চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যা করা হয়েছে, হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয়েছে। ক্ষমতার জন্য মানুষ হত্যাকারীদের হাতে জনগণের জান-মাল নিরাপদ নয়।’

শনিবার (৩১ জানুয়ারি) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা জামায়াতের আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দুর্নীতির অভিযোগ থেকে অতীতে ক্ষমতায় আসা তিনটি দলের কোনো দল মুক্ত নয়। সৎ লোকদের পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে। দেশের বড় বড় আলেমদের কারাগারে তিলে তিলে হত্যা করা হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তিনটি দলই দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। পরিবর্তন আনতে হলে এই তিন দলকে না বলতে হবে।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ন্যায় বিচার পেতে জুলাইয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল। একটি মানবিক, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ দেশ গড়ার জন্য মানুষ জীবন দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিলো, তারা পরিবর্তন চায়। খুনী, চাঁদাবাজ, মাস্তানদের দ্বারা সে পরিবর্তন আসবে না। আমরা ১১ দল সে পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। সেজন্য এই আসনে ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। ডা: শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সরকার গঠিত হবে ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘ডা: শফিকুর রহমানের সরকার গঠিত হলে কারিগরি কলেজ, স্টেডিয়াম, মহিলা কলেজ, ডাকাতিয়া সংস্কারসহ ফরিদগঞ্জবাসীর প্রাণের দাবিসমূহ পূরণ করা হবে। দেশের বিভিন্ন স্থানে আমাদের নির্বাচনী গণসংযোগে বিএনপির বন্ধুরা হামলা করছেন, মা-বোনদের লাঞ্চিত করছেন। এমনকি তাদের পেটে লাথি মারা হয়েছে। ব্যালট বিপ্লবের মাধ্যমে এসকল জুলুমের জবাব দিতে হবে।’

এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করার আহ্বান জানান।

চাঁদপুর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী-কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি মো: আবুল হোসাইন, মো: হারুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তর জামায়াতের শূরা সদস্য ফয়সাল আহমেদ, জামায়াতের ব্যবসায়ী সংগঠনের জেলা সভাপতি শাহ আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি এবং বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মো: রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস এবং বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি মো: মাজহারুল ইসলাম, চাঁদপুর জেলা জামায়াতের শূরা সদস্য আব্দুল মান্নান খান, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো: ইউনুছ হেলাল, সাবেক আমির হাবিবুর রহমান খান, হাজীগঞ্জ পৌরসভা জামায়াতের আমির আবুল হাসনাত, ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের আমির মিজানুর রহমান, সেক্রেটারি ফখরুল ইসলাম, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, ফরিদগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান শরীফুল ইসলাম, ছাত্র শিবিরের চাঁদপুর জেলা সভাপতি ইব্রাহিম খলিল, সেক্রেটারি মো: হাসিবুল হাসান, কারানির্যাতিত জুলাই যোদ্ধা ফাইয়াজ প্রমুখ।