চকরিয়ায় বিদ্যুৎকেন্দ্রের অফিসে ডাকাতি, গ্রেফতার ১

ঈদ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য রক্ষিত ব্যাগে থাকা নগদ ১৮ লাখ ৮০ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে যায় দস্যুরা।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়া বিদ্যুৎ অফিসে ডাকাতির আসামি নুরু গ্রেফতার
চকরিয়া বিদ্যুৎ অফিসে ডাকাতির আসামি নুরু গ্রেফতার |নয়া দিগন্ত

কক্সবাজার চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় বিদ্যুৎকেন্দ্রের অফিসে ঢুকে অস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের পণবন্দী করে ১৯ লাখ টাকা ডাকাতির ঘটনায় মো: কাদের ওরফে নুরু (২৮) নামে এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, কোরবানির ঈদের আগের দিন (২৭ মে) বুধবার রাত পৌনে ১২টার দিকে চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার এলাকা থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাদের নুরু সাহারবিল ইউনিয়নের রামপুর গুরুইন্যাকাটা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ মে সাহারবিল ইউনিয়ন এলাকায় কেসিএস প্রজেক্ট সাপোর্ট সার্ভিসের কেভিএআইএস সাব-স্টেশন বিদ্যুৎকেন্দ্রের অফিসে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, ঈদ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য রক্ষিত ব্যাগে থাকা নগদ ১৮ লাখ ৮০ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে যায় দস্যুরা। এ ঘটনায় বিদ্যুৎ প্রজেক্টের কর্মচারী সৌরভ কুমার নাথ থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, পুলিশে একটি টিম তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় মো: কাদের প্রকাশ নুরুকে (২৮) কে গত ২৭ মে রাত আনুমানিক ১২টার দিকে পৌরশহর জনতা শপিং সেন্টার এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।