বানারীপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

বরিশালের বানারীপাড়ায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: মনিরুজ্জামান ওরফে টিটুকে (৪৫) গ্রেফতার করেছে থানা-পুলিশ।

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

Location :

Banaripara
গ্রেফতার আসামি মো: মনিরুজ্জামান ওরফে টিটু (৪৫)
গ্রেফতার আসামি মো: মনিরুজ্জামান ওরফে টিটু (৪৫) |নয়া দিগন্ত

বরিশালের বানারীপাড়ায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: মনিরুজ্জামান ওরফে টিটুকে (৪৫) গ্রেফতার করেছে থানা-পুলিশ।

দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা এই আসামিকে র‍্যাবের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা থেকে গ্রেফতার করা হয়।

বানারীপাড়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মো: মজিবুর রহমানের দিকনির্দেশনায় এবং থানা উপপরিদর্শক (এসআই) মো: জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিঁড়ি এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় র‍্যাব সদস্যদের সহায়তায় অবৈধ মাদকদ্রব্য হিরোইন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক পরোয়ানাভুক্ত আসামি মো: মনিরুজ্জামান ওরফে টিটুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো: মনিরুজ্জামান ওরফে টিটু বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রামের মরহুম আবুল কাশেমের ছেলে।

এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মজিবুর রহমান জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি টিটুকে গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে ১৪ আগস্ট (শুক্রবার) সকালে বরিশালের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো স্পষ্ট করে বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং অপরাধ নির্মূলে অপরাধীদের বিরুদ্ধে থানা-পুলিশের এই নিয়মিত বিশেষ অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।