যমুনা এক্সপ্রেস আটকে বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের ক্ষেত্রে মশাখালী রেলওয়ে স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় এ অঞ্চলের মানুষকে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
যমুনা এক্সপ্রেস আটকে বিক্ষোভ
যমুনা এক্সপ্রেস আটকে বিক্ষোভ |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটের দিকে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি মশাখালী এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা রেললাইনে লাল কাপড় টাঙিয়ে দেন। এতে ট্রেনটি আটকে যায়। পরে রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী রেলওয়ে স্টেশন। গুরুত্বপূর্ণ এ স্টেশনে আন্তনগর ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করে আসছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা রেললাইন অবরোধ করেন।

আন্দোলনকারীদের দাবি, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের ক্ষেত্রে মশাখালী রেলওয়ে স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় এ অঞ্চলের মানুষকে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা বলেন, মশাখালী স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।

এদিকে রেললাইন অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সেখানে পৌঁছে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।’

তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা রেললাইন ছাড়বেন কি না—তা নিয়ে অনিশ্চয়তা থাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।