খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
সুনামগঞ্জের তাহেরপুর থেকে কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাওয়ার সময় নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়ন লেপসিয়া বাজারের পাশে ধেনু নদীতে ইন্জিন চালিত ট্রলার থেকে ৮০ বোতল ভারতীয় মদের চালানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ মে) লেপসিয়া বাজারের নৌ পুলিশের এস আই শ্রী জগতজ্যোতি চৌধুরী ও তার পুলিশ বাহিনীর সদস্যরা এই চালান আটক করে।
আটকরা হলেন সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার সুনাপুর গ্রামের হাসিম উদ্দিনের ছেলে মো: আব্দুস সালাম (৩৪), রজব আলীর ছেলে মো: হারিছ উদ্দিন (৩৫) এবং একই উপজেলার চানখলাগাও এর দুলাল মিয়ার ছেলে মো: দেলোয়ার হোসেন (২৮)।
পুলিশের এ এসআই সাইদুর রহমান বলেন, ‘ধেনু নদীতে টহলরত অবস্থায় একটি পণ্যবাহী ইন্জিনচালিত ট্রলার সুনামগঞ্জ থেকে নদী পথে কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিল। সন্দেহ হলে আমরা উক্ত ট্রলার আটক করে তল্লাশি করিলে ৮০ বোতল ভারতীয় মদের চালানসহ ৩০ কেজি ওজনের দুইবস্তা জিরা, শিশু খাদ্য চিপস দুই বস্তাসহ (৭৫ কেজি) তিনজনকে আটক করে লেপসিয়া বাজারের নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীন বলেন, ‘লেপসিয়া বাজারের নৌ পুলিশের এ এসআই সাইদুর রহমান বাদি হয়ে উল্লেখিত তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন। সোমবার সকালে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় তাদেরকে নেত্রকোনা সদর কোর্টে পাঠানো হয়েছে।’



