পটুয়াখালীতে বেসরকারি প্রতিষ্ঠান সফট বাইটের এক শাখা ম্যানেজার ফয়সাল বাদশার লাশ উদ্ধার এবং অর্থ আত্মসাতের অভিযোগে তার সহকারী রুমমেটের পলাতক থাকার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের পৌর এলাকার সবুজবাগ দশনং লেনের একটি ভাড়া বাসা থেকে ফয়সালের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
প্রতিষ্ঠান ও স্থানীয় সূত্রে জানা গেছে, সফট বাইটের সবুজবাগ শাখার ম্যানেজার ফয়সাল বাদশার বিরুদ্ধে প্রায় ৮ লাখ টাকা এবং তার সহকারী রুমমেট নাইমুল ইসলাম চয়নের বিরুদ্ধে প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ছিল। অভিযোগের পর তারা বিষয়টি স্বীকার করে প্রতিষ্ঠানের মালিকের কাছে চেক ও স্ট্যাম্প প্রদান করেন এবং কিস্তিতে অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেন। পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেয়। তবে হঠাৎ করেই তারা আত্মগোপনে চলে যান। এরই মধ্যে গতকাল বুধবার ম্যানেজারের লাশ উদ্ধার হওয়ায় ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে।
অন্যদিকে, সহকারী ম্যানেজার নাইমুল ইসলাম চয়ন এখনো পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গত চার মাসে ধাপে ধাপে প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। নিয়মিত হিসাব পর্যালোচনার সময় অসঙ্গতি ধরা পড়লে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তদন্ত শুরু করে এবং তাতে অর্থ আত্মসাতের বিষয়টি নিশ্চিত হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঘটনা প্রকাশের পর থেকেই চয়ন আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে ম্যানেজারের লাশ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং পলাতক সহকারীর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।



