বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালীতে ওয়েবসাইট হ্যাকিং গ্রুপের সাথে সমন্বয় করে ভূমি উন্নয়ন কর (দাখিলা) পরিশোধের দায়ে রিপন উদ্দীন নামে এক যুবককে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালীপুর ইউপির সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন একটি শপিং কমপ্লেক্সে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন।
অভিযুক্ত রিপন উদ্দীন উপজেলার কাথরিয়া ইউপির বাগমারা গ্রামের হেলাল উদ্দীনের ছেলে।
জানা যায়, রিপন মূলত একজন দলিল লেখকের সহকারী। কিন্তু তিনি ইউনিয়ন ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তার মিথ্যা পরিচয় ব্যবহার করে রাজস্ব কর ফাঁকি দিয়ে ভূমি উন্নয়ন কর (দাখিলা) পরিশোধের কাজ করতেন। ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হয়ে তিনি এই কর্মকান্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন। হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারের মাধ্যমে ওয়েবসাইট হ্যাকিং চক্রের সহযোগিতায় তিনি এই কাজ করতেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন জানান, বৈধপন্থায় ভূমি উন্নয়ন কর (দাখিলা) পরিশোধ করা যায় ইউনিয়ন ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তার মাধ্যমে। কিন্তু ভূমি অফিসের কর্মকর্তা পরিচয়ে রিপন উদ্দীন নামে একজন অবৈধ পন্থায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করছেন মর্মে অভিযোগ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে অভিযুক্তকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।



