মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে রাবিল হত্যা, অপরাধীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে বজলুর রহমান খান রাবিল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করছে বন্ধু একাদশ।

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
মানিকগঞ্জে রাবিল হত্যার অপরাধীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জে রাবিল হত্যার অপরাধীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

মানিকগঞ্জে বজলুর রহমান খান রাবিল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করছে বন্ধু একাদশ।

রোববার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘বন্ধু একাদশ’-এর উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৭ মার্চ দিঘি ইউনিয়নের নতুন বস্তি এলাকায় বসবাসকারী বজলুর রহমান খান রাবিলকে নৃশংসভাবে হত্যা করা হয়।

বক্তারা অভিযোগ করেন, রাবিল একজন নিরীহ ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তি ছিলেন। তাকে এভাবে হত্যা করা মানবিকতার চরম লঙ্ঘন এবং এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

নিহতের ছেলে সাকিবুল রহমান খান বলেন, ৩ শতাংশ জমির বিরোধ করে কেন্দ্র করে আমার বাবাকে হত্যা করা হয়। বাবার হত্যাকারীর সাথে জড়িত সকলের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান ছেলে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী আলেয়া আক্তার, বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মো: আলী আশরাফ, বন্ধু একাদশের সভাপতি ফিরোজ সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শিকদার রিপন, সদস্য মোস্তাফিজুর রহমান মামুন,অ্যাডভোকেট সাইফ উদ্দিন আহমেদ ফিরোজ, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক ভিপি গোলাম আবেদীন কায়ছারসহ পরিবারের সদস্যরা।

বক্তারা আরো বলেন, এই হত্যাকাণ্ডে একটি পরিবার সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। নিহতের স্ত্রী স্বামীকে হারিয়ে এবং সন্তানরা বাবাকে হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

তারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এর আগে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।