লংগদুতে কারখানায় আগুন, সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে নিয়ন্ত্রণে

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ লাখ থেকে ১ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

Location :

Rangamati
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী |নয়া দিগন্ত

রাঙ্গামাটির লংগদু উপজেলার গাঁথাছড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর এবং তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার ভোরে রাঙ্গামাটির লংগদু উপজেলার গাঁথাছড়া এলাকায় একটি কাঠমিস্ত্রির কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তি সেনাবাহিনী জানায়, সংবাদ পাওয়ার সাথে সাথে সেনাবাহিনীর তিনটি টহল দল প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশগ্রহণ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এতে কোনো প্রাণহানি হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ লাখ থেকে ১ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সেনাবাহিনী।