নড়াইলের নড়াগাতী থানার বড়দিয়া বাজার এলাকায় নবগঙ্গা নদীতে ড্রেজিংয়ের আড়ালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম।
অভিযানে কালিয়ার মির্জাপুর গ্রামের রতন খানের ছেলে নাজিরকে এ জরিমানা করা হয়।
মিল্টন মোল্যাসহ এলাকাবাসী জানায়, নড়াইলের বড়দিয়া বাজার এলাকায় নবগঙ্গা এবং মধুমতি নদীর মোহনা। এখানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে প্রকৃত ইজারাদারদের বিপদে ফেলা হচ্ছিল। নদীর তীরবর্তী এলাকা থেকে বালু তোলায় ভাঙনের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নবগঙ্গা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দু’টি ড্রেজারসহ চারজনকে আটক করা হয়। পরবর্তীতে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’



