মাদারীপুর সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী আইভী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন তার সহপাঠীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী আইভীকে হত্যার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। একই সাথে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ ঘটনায় আইভীর বাবা আসলাম শরীফ গত ১১ সেপ্টেম্বর সদর মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের কালাম শরীফের ঘরে কাতার প্রবাসী ফেরদাউসের স্ত্রী আইভীকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত একটি আইফোন নিয়ে যায় দুর্বৃত্তরা ও আইভীর মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানায় স্থানীয়রা।



