মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে লিজা মনি (১০) ও ইয়াছিন (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার কড়ইচড়া ও চরপাকেরদহ ইউনিয়নে এ হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটে। একদিনে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত লিজা মনি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান মধ্যপাড়া এলাকার রবিউল ইসলামের মেয়ে। সে মহিষবাথান সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে বাবা রবিউল ইসলাম ছেলে রিয়াদ ও মেয়ে লিজা মনিকে নিয়ে ঝাড়কাটা নদীতে গোসল করতে যান। সকালে বৃষ্টিপাত হওয়ায় নদীতে তীব্র স্রোত ছিল। গোসলের একপর্যায়ে স্রোতের টানে দুই শিশু ভেসে যেতে শুরু করলে বাবা দ্রুত ছেলে রিয়াদকে উদ্ধার করতে সক্ষম হন। তবে লিজা মনি পানির স্রোতে নিখোঁজ হয়ে যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুপুর আড়াইটার দিকে নদী থেকে লিজা মনির লাশ উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো: দেলোয়ার হোসেন বলেন, ‘লিজা মনি নদীতে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে।’
এদিকে একইদিন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে ইয়াছিন (৩) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ইয়াছিন ওই এলাকার জুসশেদের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শিশুটির মা বাড়ির আঙিনায় ভুট্টা শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে খেলতে খেলতে ইয়াছিন বাড়ির পাশের ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে দুপুর ২টার দিকে ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রূপা আক্তার বলেন, ‘শিশুটির মা কাজ নিয়ে ব্যস্ত থাকায় সবার অগোচরে ইয়াছিন ডোবায় পড়ে যায়। পরে উদ্ধার করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।’
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পানিতে ডুবে লিজা মনি ও ইয়াছিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’



