ফেনী সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো: আফতাহি হোসেন তাহি (২০) ও মো: জাবেদ (২৩) নামে ছাত্রদলের দুই নেতা আহত হয়েছেন।
সোমবার (১৯ মে) রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় বল্লাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
মো: আফতাহি হোসেন তাহি মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, সে ফেনী পৌরসভার রামপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে।
অন্যদিকে, স্থানীয় ছাত্রদল নেতা মো: জাবেদ (২৩) সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের বাসিন্দা।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায়, বগইড় এলাকার দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাত ১২টার দিকে তাহি ও জাবেদকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। এসময় পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় তাহিকে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। আহত জাবেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা: রোকন উদদৌলা বলেন, পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় তাহি নামের এক যুবক রাতে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তিনি তখন অস্থিতিশীল অবস্থায় ছিলেন। পরে তাকে স্থিতিশীল করা হয়। হাসপাতাল থেকে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন তাহি জানান, তাদের ওপর হামলায় নেতৃত্ব দেন খুরশিদ ও মারুফ নামের দুই যুবক। তারা পাঁচগাছিয়া এলাকায় মাদক ও মাটির কারবারে জড়িত। তাদের মাদক ও মাটির কারবারে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে তাহি ও তার সহযোগীর ওপর ছুরি নিয়ে হামলা করে।
এ বিষয়ে অভিযুক্ত খুরশিদ ও মারুফের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
তবে খুরশিদের বড় ভাই মো: হেলাল বলেন, ‘তাহিসহ অন্যরা রাতে আমাদের বাড়িতে হামলা করে। এ সময় আত্মরক্ষার্থে খুরশিদ তাদের ওপরে পাল্টা হামলা চালায়।’
মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমান বলেন, ‘আমাদের কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আফতাহি হোসেন তাহি পাঁচগাছিয়া এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



