মুন্সীগঞ্জের লৌহজংয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। পদ্মা নদী তীরবর্তী অঞ্চলের ওই সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ সামগ্রীও বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন নয়া দিগন্তকে এ তথ্য জানান।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মাওয়া পুরাতন ফেরীঘাট এলাকায় ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় মুন্সীগঞ্জের লৌহজং থানাধীন কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা ক্যাম্পেইন পরিচালনা করে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।’
তিনি আরো বলেন, ‘এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় মুন্সীগঞ্জের লৌহজং থানাধীন কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা একটি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে। ওই মেডিক্যাল ক্যাম্পেইনে ৪১৩ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদান করা হয়।



