চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে প্রায় এক লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগরের মোল্লার ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এ সময় সহযোগিতা করেন করেরহাট ভূমি অফিস, জোরারগঞ্জ থানা পুলিশ ও অলিনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগরের ফেনী নদীর মোল্লার ঘাট এলাকায় অভিযান চালানো হয়।’
তিনি আরো বলেন, ‘অভিযানে বিভিন্ন স্থানে স্থাপিত পাঁচটি শ্যালো মেশিন, এক হাজার ফিট পাইপ বিনষ্ট ও অন্যান্য অবকাঠামো ধ্বংস করা হয়। এ সময় ফেনী নদী থেকে উত্তোলনকৃত প্রায় এক লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকা। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



