চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চকরিয়া থেকে শিক্ষার্থী তামিম সিএনজিচালিত অটোরিকশায় করে লোহাগড়া উপজেলার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদরাসায় যাচ্ছিলেন।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
নিহত মোস্তাকিম কামাল তামিম ও শওকত হাসান রিয়াজ
নিহত মোস্তাকিম কামাল তামিম ও শওকত হাসান রিয়াজ |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোস্তাকিম কামাল তামিম (২৩) নামে এক শিক্ষার্থী ও শওকত হাসান রিয়াজ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৭ মে) রাত ১০ টার দিকে পৃথক দুই স্থানে দুর্ঘটনা দু’টি সঙ্ঘটিত হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া থেকে শিক্ষার্থী তামিম সিএনজিচালিত অটোরিকশায় করে লোহাগড়া উপজেলার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদরাসায় যাচ্ছিলেন। পথে রুপটপ রেস্টুরেন্টের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তামিম চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা সওদাগরপাড়ার রাশেদ কামালের ছেলে বলে জানা গেছে।

এদিকে চকরিয়া উপজেলার কেবি জালাল উদ্দিন সড়কের সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশন এলাকায় পৃথক আরেকটি দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চকরিয়া-বদরখালী সড়ক সংস্কার কাজের মালমাল ও রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে সড়কের বিকল্প পথ দিয়ে আড়াআড়িভাবে যানবাহন চলাচল করছিল। রাত ১০টার দিকে ওই ঝুঁকিপূর্ণ বিকল্প সড়ক দিয়ে একটি প্রাইভেটকার যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে মোহাম্মদ শওকত ঘটনাস্থলেই মারা যান।

নিহত শওকত চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আমিনের বড় ছেলে।