ফেনীর দাগনভূঞায় দুই হাজার লিটার ডিজেল পাচারের সময় আমিরগাঁও সেবা ফিলিং স্টেশন থেকে বুধবার ভোরে মো: মানিক (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তেলের সঙ্কট দেখিয়ে মজুত করে অন্যত্র বিক্রি করত পেট্রোল পাম্পের মালিক। দুই হাজার লিটার তেল নিয়ে পিকআপ যোগে কোম্পানীগঞ্জের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল চালক মানিক।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের দল পিকআপ তল্লাশি করে তেলের সন্ধান পান।
এসআই কুমারেশ ঘোষ জানান, এই ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা দিয়েছেন। মামলায় পিকআপ চালক চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা গ্রামের মো: ইসহাকের ছেলে মো: মানিক ছাড়াও সেবা ফিলিং স্টেশনের মালিক জেলার দাগনভূঞা উপজেলার দক্ষিণচাঁদপুর গ্রামের সালাহ উদ্দিন পিয়াস ও ম্যানেজার ইব্রাহিম খলিল মামুনকে আসামি করা হয়েছে।
প্রাথমিক স্বীকারোক্তিতে মানিক জানায়, তেলগুলো মালিকের কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের নিজস্ব খামারে রাখা হতো। সেখান থেকে চড়া দামে বিক্রি করা হতো। এর আগের দিন রাতে পেট্রোল পাম্প থেকে ২ হাজার ৭শ’ লিটার ডিজেল নেয়া হয়।
দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফৌজুল আজীম নোমান জানান, তেলের সঙ্কট দেখিয়ে মজুত করত মালিকেরা। বিভিন্ন পেট্রোলিয়াম কোম্পানীগুলো পর্যাপ্ত তেল পাঠালেও সঙ্কট সৃষ্টি করে মালিকেরা। সরকারকে বেকায়দায় ফেলতে মালিকরা তেল মজুত করে বেশি দামে বিক্রি করে।



