গাজীপুরে পুলিশকে হুমকি দিয়ে ঝটিকা মিছিল, গ্রেফতার ৩৪

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান চলছে। ঝটিকা মিছিল ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গ্রেফতারদের একাংশ
গ্রেফতারদের একাংশ |নয়া দিগন্ত

গাজীপুরে পুলিশকে হুমকি দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলার পর বিশেষ অভিযান চালিয়ে ৩৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

গ্রেফতারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জিএমপি সূত্র জানায়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ কমিশনার মো: ইসরাইল হাওলাদারের নির্দেশনায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মহানগরীর গাজীপুর সদর, বাসনসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বাসন থানাধীন মোগরখাল এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঝটিকা মিছিল, সরকারি কাজে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় আকস্মিক মিছিল বের করে। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান ও হুমকি দেয়ার অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। মামলার পর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়।

জিএমপি কমিশনার মো: ইসরাইল হাওলাদার বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান চলছে। ঝটিকা মিছিল ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’