ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এডুকেশনাল অ্যাক্সিলেন্স সাপোর্ট স্কিমের (EESS) উদ্যোগে দেশব্যাপী ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির উপজেলা পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসেল সামদানী আজাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট একটি জনবান্ধব ও কল্যাণমুখী বাজেট। এ বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া এবং বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করাই সরকারের লক্ষ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণা, নতুন ধারণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।



