মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ফিলিং স্টেশনে অকটেন সরবরাহকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনটিতে দীর্ঘ সময় ধরে মোটরসাইকেলের পাশাপাশি বোতলভর্তি অকটেন বিক্রি করা হচ্ছিল। এতে মোটরসাইকেল চালকদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং অনেকেই সময়মতো জ্বালানি সংগ্রহ করতে পারছিলেন না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে স্টেশন কর্তৃপক্ষ বোতলে অকটেন সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখে মোটরসাইকেলে জ্বালানি দেয়ার সিদ্ধান্ত নেয়। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবকরা বোতল সরিয়ে নিতে গেলে এক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা চালান। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন কয়েকজন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



