সিলেট নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টার পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৪১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
এসএমপি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে শনিবার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদককারবারি, বিনা পরোয়ানার আসামি, সন্দেহভাজন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে বিভিন্ন অপরাধে অভিযুক্তরা রয়েছেন। অভিযান চলকালে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এদিকে, একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ট্রাফিক আইনে ২৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ১৩টি যানবাহন আটক করা হয়েছে।
শনিবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতার হওয়া আসামিদের আদালতে সোপর্দ করা হচ্ছে।



