নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজীজির ইন্তেকাল

বিভিন্ন মহলের শোক

শনিবার বেলা ২টায় পদুয়া ঠাকুরদিঘি হেমায়েতুল ইসলাম মাদরাসা মাঠে মাওলানা আজীজির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Lohagara
মাওলানা সরওয়ার কামাল আজীজি
মাওলানা সরওয়ার কামাল আজীজি |ছবি : নয়া দিগন্ত

১১ দলীয় জোটভুক্ত ইসলামী দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সরওয়ার কামাল আজীজি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার সন্ধ্যায় তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

মৃত্যৃকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। জীবেনর শেষ দিন পর্যন্ত তিনি পদুয়া হেমায়েতুল ইসলাম মাদরাসার অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া তিনি চট্টগ্রামে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৭ কন্যা রেখে গেছেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ ও আলেমে দ্বীনের ইন্তেকালের খবরে চট্টগ্রামের আলেম-ওলামা ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। জুমাবার সন্ধ্যায় বিভিন্ন এলাকা থেকে দলে দলে লোকজন তাকে শেষবারের মতো দেখতে পদুয়ার বাড়িতে আসতে থাকেন।

তার ছেলে মাওলানা নজরুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘আমার আব্বা সারাজীবন দ্বীনি কাজ করেছেন। তিনি ৮-১০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।’

তিনি তার বাবার রূহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শনিবার বেলা ২টায় পদুয়া ঠাকুরদিঘি হেমায়েতুল ইসলাম মাদরাসা মাঠে মাওলানা আজীজির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে আল্লামা সরওয়ার কামাল আজীজির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ মাওলানা সরওয়ার কামাল আজীজির দ্বীনি খেদমতের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মহান আল্লাহ যেন এই খেদমত কবুল করে তার জীবনের ভুলত্রটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন- সেই প্রার্থনা করেন।