সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোকে দুর্বল করে দিয়েছে। তারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে এখন বিদেশে বিলাসী জীবনযাপন করছে।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: জাহিদ হোসেন বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।’
বিশেষ করে যারা চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তাদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ‘মাদক ও জুয়া সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং গণআন্দোলন গড়ে তোলা প্রয়োজন।’
একই সাথে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি বা গোপন বাহিনী জনগণের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’
দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
সভায় সভাপতির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা সেক্রেটারি বক্তিয়ার আহমেদ কচিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



