ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
জাতীয় গ্রিডের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এ লক্ষ্যে কেন্দ্রটির ইউনিট-১ ও ইউনিট-২-এর বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) এসসিএডিএ/ইএমএস ব্যবস্থায় সংযুক্ত করা হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) এ জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) ও জিই ভারনোভা-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।
চুক্তি অনুযায়ী, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ ও ইউনিট-২-এর আটটি সঞ্চালন লাইন এবং ৪০০ কেভি ও ২৩০ কেভি জিআইএস সাবস্টেশনের গুরুত্বপূর্ণ নির্ধারিত সিগন্যাল ও তথ্য এনএলডিসি-এর এসসিএডিএ/ইএমএস ব্যবস্থায় ইন্টিগ্রেট করা হবে।
এই কারিগরি ইন্টিগ্রেশন সম্পন্ন হলে রূপপুর কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার প্রয়োজনীয় তথ্য ও সঙ্কেত জাতীয় গ্রিড পরিচালনার নিয়ন্ত্রণ কেন্দ্রে পাওয়া যাবে। এর ফলে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকেন্দ্র থেকে রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য পর্যবেক্ষণ ও ব্যবহারের সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নির্ভরযোগ্যভাবে সঞ্চালন এবং কেন্দ্রটির কমিশনিং ও পরবর্তী অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ ইন্টিগ্রেশন গুরুত্বপূর্ণ।
দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রকে এনএলডিসি-এর এসসিএডিএ/ইএমএস ব্যবস্থার সাথে সংযুক্ত করার কারিগরি ইন্টিগ্রেশন কার্যক্রম জিই ভারনোভা-এর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রকেও জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে যুক্ত করা হচ্ছে।
এদিকে বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর ফুয়েল লোডিং-পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা চলছে। কেন্দ্রটির নির্ধারিত কমিশনিং ও পরবর্তী অপারেশনাল সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নের স্বার্থে এসসিএডিএ/ইএমএস ইন্টিগ্রেশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করা প্রয়োজন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ছাড়া এনএলডিসি-এর এসসিএডিএ/ইএমএস-এ ৮ সঞ্চালন লাইন ও দুই জিআইএস সাবস্টেশনের তথ্য সংযুক্ত হবে।



