আমরা জাতির কল্যাণে যোগ্য নেতৃত্ব তৈরী করি : ড. হামিদুর রহমান আযাদ

গণভোটের রায় উপেক্ষা করে জনগণের আস্থা অর্জন করা যায় না। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা পূরণ ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বক্তব্য রাখছেন ড. হামিদুর রহমান আযাদ
বক্তব্য রাখছেন ড. হামিদুর রহমান আযাদ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের একমাত্র লক্ষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জামায়াতে ইসলামী হচ্ছে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। কারণ আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরী করি। দিন দিন জামায়াতের জনশক্তি বাড়ছে। এ জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে হবে। এক্ষেত্রে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

শুক্রবার (৮ মে) সকালে সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা ও থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জাতি একটি পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। কিন্তু নতুন সরকার ক্ষমতায় গিয়ে সে স্বপ্নকে গলাটিপে হত্যা করতে শুরু করেছে। তারা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি, তাই জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে ছাত্র-জনতার রক্তের সাথে প্রতারণা করেছে।’

তিনি বলেন, ‘তারা নতুন ফ্যাসিবাদ কায়েমের দিকেই ধাবিত হচ্ছে। এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। ভুলে গেলে চলবে না জনদুর্ভোগ তৈরী ও গণভোটের রায় উপেক্ষা করে জনগণের আস্থা অর্জন করা যায় না। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা পূরণ ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, ‘ইসলামী আন্দোলনের পথ কোনোকালেই সহজ ছিল না। কারণ দ্বীন প্রতিষ্ঠার পথ জুলুম, নিপীড়ন ও শাহাদাতের পথ। সর্বোচ্চ ত্যাগের শপথ নিয়েই আমরা ইসলামী আন্দোলনে শামিল হয়েছি। সুতরাং আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ নেই। জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, আমাদের শীর্ষ নেতাদেরকে বিচারের নামে অবিচার চালিয়ে শহীদ করা হয়েছে। কিন্তু দমিয়ে রাখা যায়নি। জামায়াতের সর্বস্তরের জনশক্তি জনগণের পাশে দাঁড়াতে হবে। সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে।’

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সিলেট বিভাগের সিলেট মহানগর, সিলেট জেলা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জেলা ও উপজেলা-থানার দায়িত্বশীল নেতারা অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বর্ষীয়াণ রাজনীতিবিদ ও জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী প্রমুখ।