কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫
কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫ |নয়া দিগন্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পদুয়ারবাজার এলাকায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার চালান জব্দ করা হয়।

কুমিল্লার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান জানান, চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি প্রাইভেটকারের স্কটের মাধ্যমে ইয়াবার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রাইভেটকারটি আটক করে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা স্বীকার করেন, লবণ পরিবহনের আড়ালে একটি কাভার্ডভ্যানে ইয়াবা পাচার করা হচ্ছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে গাড়িটির গোপন স্থানে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যান চালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন।

পুলিশ জানায়, জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।