চট্টগ্রামের মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বারইয়ারহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। অভিযানে র্যাব-৭ ক্যাম্পের কমান্ডার, জোরারগঞ্জ থানা পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও মেয়াদ উল্লেখ না থাকায় মস্কো বেকার্সেকে ১০ হাজার টাকা, হাজি মিস্টি বিতানকে পাঁচ হাজার টাকা, হাজি মিস্টি মেলাকে পাঁচ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় আলী স্টোরকে পাঁচ হাজার টাকা এবং চলাচলের রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আনোয়ার ইলেক্টিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, ‘বুধবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা ও মেয়াদ উল্লেখ না থাকায় এবং চলাচলে বিঘ্ন ঘটায় বারইয়ারহাট পৌরসভার পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’



