দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয়ায় দীর্ঘ সাড়ে আট মাস বন্ধের পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে কাঁচামরিচবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে পুনরায় বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম দিন চারটি ট্রাকে প্রায় ৩০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে।
ভারতের কাটিহার থেকে এসব কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ার সাথে সাথে দাম কমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
দেশে কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে রোববার (২ আগস্ট) সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়।
হিলি স্থলবন্দরের ৭৪ জন আমদানিকারক ২৭ হাজার ১১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হয়েছিল।



