গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহে ব্লেন্ডার মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্যোতিষ চন্দ্র বর্মন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জ্যোতিষ চন্দ্র ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া পচাবস্তা গ্রামে সুরেন্দ্র বর্মনের ছেলে জ্যোতিষ চন্দ্র বর্মন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিজ ঘরে ব্লেন্ডার মেশিনে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।
পারিবারিক সূত্রে জানা যায়, মতরপাড়া বটতলা বাজারে তার একটি চায়ের দোকান ছিল। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বাবা-মা দুজনই দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। ফলে তার মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।
মৃতের ফুফাতো ভাই সুমন রায় ভবাস বলেন, ‘নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও পথেই তার মৃত্যু হয়।’
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



