ভোলার লালমোহনে অভিযানের সময় এক মাদককারবারি পুলিশের ওপর হামলা চালালে পুলিশ সদস্য মো: মাসুম বিল্ল্যাহ আহত হয়েছেন।
সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নোয়াব আলী মুন্সি বাড়ির সামনে হাজী জুলফিকার মিয়ার মার্কেটের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সহযোগিতা করেন। এ সময় মাদককারবারির সাথে জড়িত পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মো: বজলুর রহমানের ছেলে মো: রাসেল (৩০ ও চরভূতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো: আব্দুল শহীদের ছেলে মো: শামিমকে (২৪) আটক করতে সক্ষম হয় পুলিশ। দুই জনকে আটক করলেও তাদের মূল সহযোগী পালিয়ে যান।
আটককৃতদের কাছ থেকে ১০ পিচ ইয়াবা টেবলেট ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে এবং তারা থানায় আটক রয়েছে।
আহত পুলিশ সদস্য মাসুম বিল্ল্যাহকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মাদককারবারিদের হামলার শিকার আহত পুলিশ কনস্টেবল মাসুম বিল্ল্যাহ বলেন, ‘আমরা মাদককারবারিদের ধরতে গেলে তাদের হামলায় আমিসহ আরেকজন পুলিশ কনস্টেবল আহত হই এবং লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিই।’



