চট্টগ্রাম নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে গোলপোস্ট ভেঙে শরীরে পড়ে মাহিদুল ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মাহিদুল ইসলামকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহিদুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে। সে চট্টগ্রামে রংমিস্ত্রির কাজ করতো।
মাহিদুলের খালাতো ভাই মোহাম্মদ মনির জানান, সকালে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় মাহিদুল। খেলার একপর্যায়ে গোল করার পর আনন্দ করতে লোহার গোলপোস্টে ঝুলে পড়ে সে। এ সময় গোলপোস্টটি ভেঙে তার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, গুরুতর আহত অবস্থায় মাহিদুলকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসস



