সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই

‘আসন্ন ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই, চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তথ্য পেলে সাথে সাথে আইনের আওতায় আনা হবে।’

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শরীয়তপুরের জাজিরায় সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
শরীয়তপুরের জাজিরায় সেতুমন্ত্রী শেখ রবিউল আলম |নয়া দিগন্ত

শরীয়তপুরের জাজিরা পদ্মাসেতুর দক্ষিণপ্রান্তে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘আসন্ন ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই, চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তথ্য পেলে সাথে সাথে আইনের আওতায় আনা হবে।’

সোমবার (১১ মে) পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়কের শৃঙ্খলা ফেরাতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়।’

শেখ রবিউল আলম বলেন, ‘গত ১৮ বছরে শরীয়তপুর এলাকায় একেবারে উন্নয়ন হয়নি। তবে বিএনপি সরকার শরীয়তপুরসহ বৃহত্তর ফরিদপুর এলাকায় উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। শরিয়তপুরের ওপর দিয়ে রেললাইন গেলেও এখানে কোনো স্টেশন নেই।অতি শীঘ্রই আমরা এখানে রেলস্টেশন করবো।’

মন্ত্রী আরো বলেন, ‘মেগা প্রকল্পের নামে সারাদেশে লুট করেছে ফ্যাসিস্ট সরকার। অর্থ ব্যয় হয়েছে, কাজ হয়নি। তাই অভ্যন্তরীণ অর্থব্যবস্থা ভালো নেই। তবে স্বল্প অর্থে আড়াই মাসে এ সরকার অগ্রাধিকারের ভিত্তিতে অনেক কিছু করার চেষ্টা করছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজীব আহসান, শরিয়তপুর-১ (জাজিরা) আসনের এমপি সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান, শরীয়তপুরের জাজিরার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল ইমরান, পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।