কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুদের সাথে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র মোহাম্মদ শিহাব (১৮) এর লাশ উদ্ধার করেছে ডুবুরিরা।
শনিবার (৩০ মে) সকালে নিখোঁজের ১৭ ঘণ্টা পর ডাকাতিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দুপুরে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সংযোগস্থল জাগজোর-নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে শিহাব নিখোঁজ হয়।
সে পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জাফর আহমেদ শিফনের ছেলে এবং চট্টগ্রাম বিএন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।
সিহাবের মামা আসিফ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে শিহাব তার অপর দুই বন্ধুকে নিয়ে নারান্দিয়া গ্রাম থেকে পার্শ্ববর্তী জাগজোর গ্রামে যায় তালের শাস খাওয়ার জন্য। জুমার নামাজের সময় হওয়ায় সেখান থেকে দ্রুত সাঁতার কেটে মসজিদে আসার জন্য নদীতে নামে তিন বন্ধু। এসময় অপর দুই বন্ধু সাঁতার কেটে নদী পার হলেও শিহাব নদীতে হারিয়ে যায়।
চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘আমরা চাঁদপুর জেলা থেকে ডুবুরি টিমকেও খবর পাঠাই। মোহাম্মদ আলীর নেতৃত্বে চাঁদপুরের ডুবুরি টিম এসে বিকেল থেকে আনুমানিক এক ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ শিহাবকে উদ্ধার করতে পারেনি। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত রাখে তারা।
শনিবার সকালে উদ্ধার কার্যক্রম আবারো শুরু করে শিহাবের লাশ উদ্ধার করা হয়। এরপর শিহাবের লাশ নাঙ্গলকোট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।



