ধর্ষণকারী বা নির্যাতনকারী যেই হোক, কোনো ছাড় নেই : সমাজকল্যাণমন্ত্রী

‘কোনো অবস্থাতেই কেউ যদি মনে করেন ধাক্কা দিলেই সরকার চলে যাবে বা পালিয়ে যাবে, তারা বোকার স্বর্গে আছেন। এই সরকার জনগণের ভালোবাসা ও স্নেহ নিয়ে দায়িত্ব পালন করছে।’

Location :

Dinajpur
বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন
বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন |নয়া দিগন্ত

হিলি (দিনাজপুর) সংবাদদাতা

সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘শিশু নির্যাতন, নারী নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি, মাদক কারবারি এগুলো নিয়ে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। সে আমার দলের হোক, আপনার দলের হোক বা নির্দলীয় হোক, যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।’

তিনি বলেন, ‘যারা শিশুদের ধর্ষণ করে বা নির্যাতন করে বেগম খালেদা জিয়ার সময় থেকে তাদের জন্য নির্ধারণ করা আছে মৃত্যুদণ্ড। এর পরে আর কী শাস্তি দিতে চান সেটাও চিন্তা করতে হবে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এটির বিচারের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।’

শুক্রবার (২২ মে) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আজকে যারা কিছু ঘটনা নিয়ে রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা করতেছে, মানুষকে উত্তেজিত করে মব কালচারের দিকে ধাবিত করার চেষ্টা করতেছে, কোনো অবস্থাতেই কেউ যদি মনে করেন ধাক্কা দিলেই সরকার চলে যাবে বা পালিয়ে যাবে, তারা বোকার স্বর্গে আছেন। এই সরকার জনগণের ভালোবাসা ও স্নেহ নিয়ে দায়িত্ব পালন করছে। জনগণের সেবায় নিয়োজিত রয়েছে, জনগণকে ছেড়ে অন্য পক্ষে অবস্থান নিবে না।’

এছাড়া হিলির রাস্তাঘাট, ট্রেন থামা, বন্দরের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড অচিরেই শুরু হবে বলেও জানান তিনি। মতবিনিময় সভা শেষে তিনি উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জায় আর্থিক অনুদানের কাগজ তুলে দেন।

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।