ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদককারবারি পরিবারের হামলায় গোলজার হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাতে মাদককারবারি পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করেন আহত গোলজার হোসেন।
গোলজার ওই এলাকার মরহুম রফাতউল্যার ছেলে।
জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুরের সরকার পাড়া মাদরাসা মোড়ে স্থানীয় এলাকাবাসী ও সুধিসমাজের উদোগ্যে একটি মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচি চলাকালীন এলাকার চিহ্নিত মাদককারবারি পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে মাদকবিরোধী কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মাদকবিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করা গোলজার হোসেন নামের একজন গুরুতর আহত হন। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সুধিসমাজ ও সচেতন মহল মাদককারবারি পরিবারের এমন ঔদ্ধত্যপূর্ণ হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
গোলজার হোসেন বলেন, ‘শুক্রবার রাতে মাদককারবারি পরিবারের সদস্য নাছির উদ্দিন (৫২) ও তার ছেলে রমজান আলী (৩২), হযরত আলী (২৮), কফিল উদ্দিন (২০) এর নামে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শী মাসুদ, আলতাফ, আমিনুর ও আলম বলেন, অভিযুক্ত পরিবারটি দীর্ঘদিন যাবত মাদককারবার করছে। মাদকবিরোধী কর্মসূচিতে মাদককারবারি পরিবারের ঔদ্ধত্যপূর্ণ হামলার ঘটনা কোনো ভাবেই মেনে নেয়া যায় না।
স্থানীয়রা এই বর্বরোচিত হামলার সাথে জড়িত মাদককারবারি পরিবারের সদস্যদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, ‘মাদকবিরোধী কর্মসূচি থেকে ফেরার পথে আমার সামনে হামলার ঘটনা ঘটে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।’
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’



